রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) সকালে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্টডেলিভারি (পোস্টঅপারেটিভ) ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
এই ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুরে হাসপাতালের ক্ষতিগ্রস্ত ওয়ার্ডটি পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
মহাপরিচালক বলেন, দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান।
অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘শিশুমৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এর মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনার কোনো ত্রুটি ছিল কি না, চিকিৎসায় কোনো ঘাটতি ছিল কি না এবং যে কক্ষে তারা ছিল, সেই পরিবেশে কোনো সমস্যা ছিল কি না—তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।
তিনি আরো বলেন, এসিসংক্রান্ত বা অন্য কোনো কারিগরি ত্রুটি নির্ণয়ের জন্য প্রয়োজনে কারিগরি বিশেষজ্ঞদের এই কমিটিতে কো-অপ্ট করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেবায় কোনো গাফিলতি, দায়িত্বে অবহেলা কিংবা অবকাঠামোগত ত্রুটি পাওয়া গেলে সরকার স্তরভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেবে।’
রমনা থানার পুলিশ জানায়, এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।