দীর্ঘ কূটনৈতিক তৎপরতা ও আলোচনা শেষে অবশেষে ইরানের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন ১০ ভারতীয় নাবিক। গত বছরের জুলাই থেকে একটি তেলবাহী জাহাজসহ তারা ইরানে আটক ছিলেন।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং জানিয়েছে, মুক্ত হওয়া নাবিকেরা ‘এমভি হারবার ফিনিক্স’ নামের একটি জাহাজে কর্মরত ছিলেন। গত বছর ইরানের জাস্ক বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করার পর ইরানি কর্তৃপক্ষ নাবিকদের গ্রেপ্তার করে কারাদণ্ড দেন।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ভারতের নৌপরিবহন অধিদপ্তর জানায়, আটক নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে নিরাপদে একত্রিত অবস্থায় রয়েছেন।
তবে ঠিক কী কারণে জাহাজটি আটক করা হয়েছিল কিংবা কোন অভিযোগে নাবিকদের গ্রেপ্তার করা হয়েছিল—সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
নৌযান পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আটক হওয়া জ্বালানি তেলবাহী জাহাজটি পালাউয়ের পতাকাবাহী ছিল।