নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, প্রত্যেকটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি কেউ রেজিস্ট্রেশনের মধ্যে না থাকে, তাকে মনিটরিং করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়।
বুধবার (২৭ মে) বরিশাল নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের ২৩ হাজার যানবাহন আছে সরকারি রেজিস্ট্রার্ড। আমাদের ধারণা আড়াই থেকে ৩ লাখ নৌযান চলাচল করে। এরই মধ্যে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি কাজও চলছে। নৌযান নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী যারা এই নৌযান পরিচালনা করতে চায় তাকে সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে, রেজিস্ট্রেশনের মধ্যে থাকতে হবে। যদি কেউ রেজিস্ট্রেশনের মধ্যে না থাকে তাকে মনিটরিং করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়।
তিনি বলেন, বিষয়টির কর্মপরিধি বেশ বড়। যেটার কাজ আমরা অনেকখানি শুরু করেছি। সহজ কথা হলো প্রত্যেকটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। তাকে সরকারি যে বিধিমালা আছে তার আয়তন ও ইঞ্জিনের ক্যাপাসিটির ওপর যে বিধিমালা আছে, তা মেনে তাকে নৌযান পরিচালনা করতে হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হলো ঘরে আসা মানুষদের কর্মস্থলে নিরাপদে পৌঁছে দেওয়া। সবাই মিলে আমরা চেষ্টা করছি মানুষের প্রত্যাশা পূরণের জন্য। কোথাও কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বিআইডব্লিউটিএ’সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।