Image description

রাজধানীর উত্তরা এলাকায় ঈদুল আজহা উপলক্ষে গড়ে ওঠা দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে অবৈধভাবে বেঁধে রাখা পশু সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক।

 

মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

 

এতে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন অন্যতম বৃহৎ এবং সর্বোচ্চ ইজারামূল্যের এই দিয়াবাড়ি পশুর হাটকে ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও নৌপথে কোরবানির পশুর আগমন ঘটেছে। হাটে বড় আকারের গরুসহ বিভিন্ন ধরনের পশুর সমাগম ঘটায় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

 

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে, বিশেষ করে মেট্রোরেল স্টেশনের নিচে এবং প্রধান সড়কের অংশে পশু রাখার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে আশপাশের এলাকায় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

 

এ পরিস্থিতিতে ডিএমপি উত্তরা বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযান চালায় এবং অবৈধভাবে সড়ক দখল করে রাখা পশু সরিয়ে দেয়। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডাইভারশন কার্যকর করা হয়।

 

ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে নির্ধারিত সীমানার বাইরে সড়কে পশু রাখা বা হাট বসানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জরিমানা করা হবে বলেও জানায় ডিএমপি উত্তরা বিভাগ।