নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার শতাধিক শ্রমিক মহাসড়কে নেমে এ আন্দোলন শুরু করেন। এতে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর নারী-পুরুষ শ্রমিকরা একযোগে সড়কে অবস্থান নিলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। এতে শিশু ও বৃদ্ধ যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, সরকার ঈদের আগে ২০ দিনের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা দিলেও কারখানা কর্তৃপক্ষ তা মানেনি। প্রায় ২৫ হাজার টাকা পাওনার বিপরীতে মাত্র ৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি টাকা ঈদের পর দেওয়ার কথা জানানো হয়েছে।
এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের আগে পরিবার নিয়ে বাজার করব কীভাবে? বাচ্চাদের নতুন কাপড় কিনব কী দিয়ে? বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছাড়ার অনুরোধ জানায়। তবে বকেয়া বেতন-বোনাস পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
চৈতী গার্মেন্টসের ম্যানেজার মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা চলছে এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
শীর্ষনিউজ