রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা প্রসঙ্গে নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখতে বললেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২০ মে সকাল ৮টা ৩৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘সাত বছরের মেয়ে রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে পাশের ফ্ল্যাটের দম্পতি। স্ত্রী সাহায্য করে স্বামীকে এই নৃশংস কর্মকাণ্ডে। সমাজে সুস্থতা ফিরে আসার স্বপ্ন কেয়ামত পর্যন্ত বাদ দিন। বাদ দিন ন্যায় বিচারের অলীক কল্পনা।
অনেকবার লিখেছি। নিজে নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন। অনুসরণ করুন। যদিও তা বাস্তবসম্মত নয় বা অনেক কঠিন। কিন্তু আপনার সন্তানের ক্ষতি হলে কিংবা হারাতে হলে, মাথা চাপড়াতে হবে আপনাকেই। কেউ পাশে থাকবে না। যার গেল, শুধু তারই গেল।
অনেকবার বলেছি, আপনার কন্যাসন্তান একাকী লিফট বা সিঁড়ি দিয়ে ওঠানামা করাতেও নিরাপদ নয়। অনেকবার লিখেছি। প্লিজ, সন্তান আকাশ থেকে পড়ে না। অনেক কষ্ট, অনেক ত্যাগ আর সময়ের বিনিময়ে হয়তো কপালে জোটে।
বিচার পাবেন না। বিচার আশা করবেন না। যে দেশে প্রশাসন আর বিচার বিভাগের দলীয়করণে ষোলোকলা পূর্ণ করে রাখা হয়, সে দেশ তো শেষ হয়ে গেছে অনেক আগেই। সব গেছে রে! সব গেছে! কিছুই আর অবশিষ্ট নেই।’