Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যেকোনো দেশেই সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি হচ্ছে, ‘চেইন অব কমান্ড’ এবং ‘ডিসিপ্লিন’ মেনে চলা। এই দু’টি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খলবাহিনী হয়ে উঠতে পারেনা।’ বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

আনসার সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে এ বিষয়টি গভীরভাবে মনে রাখা দরকার। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা জরুরি।’

তারেক রহমান বলেন, ‘স্বাধীনতোত্তর বাংলাদেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছিলো। দেশে এক অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরই অংশ হিসেবে গ্রাম ও নগরপর্যায়ে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপি এবং আনসার বাহিনী একীভূত হয়ে এই বাহিনীর কাঠামো আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর করে তলায় হয়েছে।

‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দূরদর্শী পদক্ষেপই আনসার ও ভিডিপিকে আজকের বহুমাত্রিক, জনসম্পৃক্ত ও গণপ্রতিরক্ষায় সক্ষম বাহিনীতে পরিণত করার ভিত্তি স্থাপন করেছে।’ উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যূত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনী ভূমিকা রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ‘First Responder’ স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে এই বাহিনীর সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক।’

একইসঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতোপরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে মনে প্রধানমন্ত্রী তারেক রহমান।