প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মহানগর পুলিশ। এ উপলক্ষে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরী আইন ২০১৮ সালের ২৯ ও ৩১ ধারার প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন ও বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়া এবং গাছা থানাধীন চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় আবাসিক ও অনাবাসিক ভবনে স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে নতুন কোনো ব্যক্তির বসবাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ওইসব এলাকায় কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন, ড্রোন ও অন্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।