ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর এই টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য বলেন।
হাম নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে। এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে।’
এ সময় শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
গণমাধ্যমে একধরনের অরাজকতা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’
এ সময় সরকার আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।