বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল এনেছে সরকার। ফারজানা মমতাজকে সরিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে পদোন্নতি দিয়ে এ পদে বসানো হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখা থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়নের কথা বলা হয়েছে।
দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, ‘জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন ফারজানা মমতাজ।