Image description

বগুড়ায় মদপানের পর পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করল তাদেরই বান্ধবীকে। রবিবার (১৭ মে) রাতে বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।

সোমবার (১৮ মে) সকালে নির্যাতনের শিকার তরুণী বগুড়া সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এরপরই অভিযানে নেমে ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. রকি (১৯)।

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার সপ্তম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। 

ওই স্থানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে রনি তাদের সঙ্গে যোগ দেন।

মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছেন। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এসময় বাঁধন পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ‘ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।