Image description

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পেস্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে তিন ধাপে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন হবে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ কারণে প্রথম ধাপে কার্যকর হবে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ। এর জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখা হবে ৩০ হাজার কোটি টাকা।

গত বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের ওই বৈঠকে নতুন পে স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সব দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন প্রধানমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।

ওই কর্মকর্তা আরও জানান, অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় ধাপে কার্যকর করা হবে মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা।