Image description

মুক্তির আগেই আলোচিত ও বিতর্কিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যেতে চান অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। তার ভাষ্য, সিনেমাটি মুক্তি আটকাতে চক্রান্ত করছে একটি মহল।

 

হাসান জাহাঙ্গীর বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটিকে আপনারা গলা টিপে মারবেন না। সিনেমাটি দেখার জন্য দেশ-বিদেশের অগণিত দর্শক অপেক্ষায় রয়েছেন। শুধুমাত্র জেবা জান্নাতের একটি অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর স্থগিত হতে পারে না। এটা সিনেমা হিসেবেই শুটিং করেছেন জেবা, তার সব প্রমাণ আমার কাছে আছে। সিনেমাটি মুক্তির জন্য প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব।

 

শুক্রবার (১৫ মে) ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তার দুদিন আগেই সিনেমার অন্যতম একজন অভিনেত্রী জেবার অভিযোগকে কেন্দ্র করে সেন্সর স্থগিত করা হয়েছে।

 

জাহাঙ্গীর দাবি করেন, সিনেমাটিতে অভিনয় নিয়ে মৌসুমীর কোনো অভিযোগ ছিল না। তার স্বামী ওমর সানী অধিক টাকা নেওয়ার জন্য সিনেমাটির বিরুদ্ধে নানা কথা বলেছেন। ওমর সানীর কারণে ৪০ লাখ টাকার স্পনসর চলে গেছে।

 

দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে প্রজেক্টে চুক্তি করেন মৌসুমী। সম্প্রতি তিনিও বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অভিযোগ করেছেন। মৌসুমী এক অডিওতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা এক ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর নির্মাতা এসে বলেন, এটার শুটিং তো বেশি হয়েছে, আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।’

 

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবার অভিযোগ ছিল, তাকে নাটকের কথা বলে কাজ করিয়েছিলেন সিনেমার পরিচালক হাসান জাহাঙ্গীর। কাজ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। তখন থেকেই বিষয়টি নিয়ে শক্ত অবস্থান নেন জেবা।

 

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন।