নারায়ণগঞ্জের ফতুল্লায় ফোম দিয়ে তৈরি করা বালিশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার মেশিন ও বিপুল পরিমাণ তৈরি বালিশ এবং ফোম পুড়ে যায়।
শুক্রবার (১৫ মে) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় এসবি হোম টেক্স কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার টিনের চালের ফাঁক দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতে দেখা যায়।
কারখানার মালিক সুমন জানান, তার কারখানায় ২২ জন শ্রমিক কাজ করেন। তার ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে কারখানার সব কয়টি মেশিন পুড়ে গেছে। একই সঙ্গে তৈরি বালিশ ও ফোম পুড়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার কারণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহত নেই।