কুমিল্লা সদর দক্ষিণের গোয়ালগাঁও গ্রামে বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের কোপে তার ছোট ভাই ফয়সাল (২৪) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত ফয়সাল স্থানীয় পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এই ঘটনায় তার বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হৈ-হুল্লোড় করলে মোর্শেদ তাদের ঘুমের ব্যাঘাত হওয়ায় বকা দেন। এ সময় ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান।
দুপুর দেড়টার দিকে দুই ভাই পুনরায় বাড়িতে ফিরে আবারও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোর্শেদ দা নিয়ে ফয়সালের ওপর কোপ মারেন, যার ফলে ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সদর দক্ষিণের সুয়াগাজী বাজার এলাকা থেকে মোর্শেদকে আটক করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শীর্ষনিউজ/