Image description

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ‘মাকতাবাহ আল হিম্মাহ আদ দাওয়াতুল ইসলামিয়াহ’ নামে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আড়াইটার দিকে বড়লেখা থানা পুলিশ জানায়, রাহেদ হোসেন মাহেদ (২৩) নামে ওই ব্যক্তিকে উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদী হামলার পরিকল্পনার কথা জানিয়ে গত ২৩ এপ্রিল দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বাহিনীর সদর দপ্তর। এরই ধারাবাহিকতায় তারা জানতে পারেন, জঙ্গি সংশ্লিষ্ট চাকরিচ্যুত সেনাসদস্য মাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে মৌলভীবাজার বড়লেখা থানার একটি দল দুর্গম পাহাড়ি এলাকায় ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান স্ট্রিমকে জানান, মাহেদ রাজধানীর শাহবাগ থানায় গত ২ ফেব্রুয়ারি হওয়া সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি। এটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতামূলক পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, সদর দপ্তর রেড অ্যালার্ট জারির পর থেকেই মাহেদ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গ্রেপ্তার ব্যক্তির গুরুত্ব বিবেচনা করে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে মাহেদকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।