সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ছায়ার হাওরে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হাওরের পানি ঢুকে কৃষকদের বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (৯ মে) রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর এলাকার মধ্যবর্তী বাঁধটি কেটে দেওয়া হয় স্থানীয়রা জানান।
স্থানীয় কৃষকরা জানান, বাঁধের আশপাশের গ্রামের লোকজন হয়তো মাছ ধরার জন্য এমন কাজটি করেছে। তবে এই বাঁধের পানি প্রবেশ বন্ধ করা না গেলে ফসলের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। শাল্লা থেকে দিরাই ও সুনামগঞ্জ জেলা সদরে যোগাযোগের মাধ্যম একমাত্র এই মাটির ফসলরক্ষা বাঁধটিই।
আনন্দপুর গ্রামের কৃষক সবিনয় দাস বলেন, অতিবৃষ্টিতে ফসল তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আবহাওয়া ভালো হওয়ায় কিছুটা হলেও ঘরে ফসল তোলা সম্ভব হবে। এর মধ্যে হাওরের বাঁধ কেটে দিয়েছে। অবশিষ্ট ফসলগুলোও তলিয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাল্লা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুনরায় মেরামতের জন্য কাজ চলছে। আজকের মধ্যে কাটা অংশ বন্ধ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, হাওরে বোরো ধান কাটা শেষ পর্যায়ে। বাঁধ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধটি পুনরায় মেরামতের কাজ চলছে। বাঁধটি কাটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।