খুলনার বটিয়াঘাটায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাঙ্গেমারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আজিজুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ওই যুবককে রাঙ্গেমারী এলাকায় নিয়ে আসে। পরে নির্জন স্থানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায় তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে গলার ডান পাশে এবং পিঠে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতকে অন্য কোথাও থেকে এনে নির্জন স্থানে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তিনি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শীর্ষনিউজ