লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আত্মীয়-স্বজন ও শত শত মানুষ অংশ নেন।
নিহত দিপালী আক্তার ফরিদপুরের চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে।
গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার সময় বোমা বিস্ফোরণে দিপালী নিহত হন। ঘটনার পর থেকেই লাশ দেশে আনার জন্য পরিবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করে। অবশেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার লাশ ঢাকায় পৌঁছায়।
শুক্রবার সকালে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা দিপালীর লাশ জড়িয়ে আহাজারি করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের পাশে সরকার থাকবে এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করবে।