দেশের পাঁচ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়-বৃষ্টির এই পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।