Image description

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চবিদ্যালয়ে ২১ মাস পর কর্মস্থলে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষক কবির হোসেন।

 

বৃহস্পতিবার (৭ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের পরই তিনি মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ দৃশ্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে চাপ তৈরি হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর দীর্ঘ সময় তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এক সহকারী শিক্ষক বলেন, দীর্ঘদিন বিদ্যালয়ে অস্থিরতা ছিল। স্যার ফিরে আসায় আমরা স্বস্তি বোধ করছি। তিনি সবসময় বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ছিলেন।

 

কবির হোসেন বলেন, দীর্ঘ ২১ মাস আমি মবের শিকার হয়ে বিদ্যালয়ে আসতে পারিনি। আজ নিজের কর্মস্থলে ফিরতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মনে হচ্ছে, আবার নিজের ঠিকানায় ফিরে এসেছি।

 

পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় চাপের মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কয়েক মাস বেতনও বন্ধ ছিল। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার বেতন পুনরায় চালু করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে পুনরায় বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।