আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মে) সকাল থেকে বাস কোম্পানিগুলো অনলাইন এবং কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই পছন্দের তারিখ ও রুটের টিকিট সংগ্রহ করতে পারছেন।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৪ মে রাত, ২৫ মে পুরো দিন এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটে। ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময় যাত্রীদের চাপ বেশি।
সকাল ১০টার মধ্যেই জনপ্রিয় অনেক রুটের অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। অনলাইন এবং কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে।
যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি বাস কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। তাই বাস টিকিট বিক্রি ঘিরে এখন থেকেই পরিবহন খাতে বাড়তি ব্যস্ততা দেখা যাচ্ছে।
শীর্ষনিউজ