পারস্য উপসাগর কিংবা আটলান্টিক—ক্রুজ শিপ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী হান্টা ভাইরাস নিয়ন্ত্রণে দৌড়ঝাঁপের মধ্যে এখন পুরো বিশ্ব। ‘এমভি হুনডিউস’ নামের একটি পর্যটকবাহী জাহাজ থেকে এই ভাইরাসের সূত্রপাত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুর পর্যন্ত বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগ এখন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে মরিয়া হয়ে কাজ করছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা প্রমোদতরীতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম সন্দেহভাজন রোগী ছিলেন ৭০ বছর বয়সী এক ডাচ নাগরিক। জাহাজে থাকা অবস্থায় হঠাৎ তার জ্বর, মাথাব্যথা ও পেটব্যাথা দেখা দেয়। পরে গত ১১ এপ্রিল তিনি মারা যান।
জাহাজটির অপারেটর ওশানওয়াইড এক্সপিডিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৭ নাগরিকসহ ২৩টি দেশের মোট ১৪৬ জন যাত্রী এখন জাহাজে রয়েছেন। তাদের ‘কঠোর সতর্কতামূলক ব্যবস্থার’ মধ্যে রাখা হয়েছে। এপ্রিলের শেষ দিকে অন্তত ৩০ যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে নেমে যান। এ ছাড়া আরও কিছু গুরুতর রোগীকে আকাশপথে ইউরোপে পাঠানো হয়। বাকি যাত্রীরা এই সপ্তাহের শেষে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাবেন। সেখান থেকে তারা নিজ দেশে ফিরবেন।
জাহাজের যাত্রী ও চিকিৎসক স্টিফেন কর্নফেল্ড সিএনএনকে জানান, জাহাজের মূল ডাক্তারও অসুস্থ হয়ে পড়েছেন। এখন রোগীদের দেখভাল করার দায়িত্বও তার। তিনি বলেন, যাত্রীরা তিন-চার সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে আছেন। সব যাত্রী সুস্থ থাকবেন বলে তিনি আশাবাদী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, আক্রান্ত ডাচ দম্পতি জাহাজে ওঠার আগে দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে পাখি দেখার সময় ইঁদুরের বর্জ্য থেকে সংক্রমিত হয়েছিলেন। হান্টা ভাইরাসের এই ‘আন্দিজ স্ট্রেইন’ অত্যন্ত বিরল। এটি মানুষ থেকে মানুষের শরীরে খুব সহজে ছড়াতে পারে। বর্তমানে ওই দম্পতির ভ্রমণ করা স্থানগুলোতে ইঁদুর ধরে পরীক্ষা চালাচ্ছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। অন্য কোথাও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।
বিভিন্ন দেশে কতজন আক্রান্ত ও শনাক্ত
নেদারল্যান্ডস: আকাশপথে আসা ৩ জন চিকিৎসাধীন। এ ছাড়া বিমানের এক আক্রান্তের সংস্পর্শে আসা এক এয়ারলাইন ক্রুসহ ৩ জনকে পরীক্ষা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা: একজন ব্রিটিশ নাগরিক আইসিইউতে আছেন। তবে তার অবস্থার উন্নতি হচ্ছে।
সুইজারল্যান্ড: জুরিখে একজন যাত্রীর হান্টা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্য: সেন্ট হেলেনায় নামা ২ জন ব্রিটিশ নাগরিক বাড়িতে আইসোলেশনে আছেন। আরও ৫ জনের খোঁজ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র: ভার্জিনিয়া, টেক্সাস, জর্জিয়া, অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বেশ কিছু যাত্রীকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।
সিঙ্গাপুর: ৬০ বছর বয়সী দুজন পুরুষ আইসোলেশনে আছেন এবং পরীক্ষা চলছে।
কানাডা: তিনজন আইসোলেশনে আছেন। তাদের মধ্যে একজন জাহাজে না থাকলেও আক্রান্তদের সঙ্গে একই বিমানে ছিলেন।
ফ্রান্স: আটজন ফরাসি নাগরিককে শনাক্ত করা হয়েছে, তারা বিমানে একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলে। তাদের পরীক্ষা চলছে।