বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৭৭। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া একিউআই স্কোর ১৫৬ নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।