Image description

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ এক মাস ধরে চলমান যুদ্ধবিরতির মধ্যে গতকাল বৃহস্পতিবার দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।

 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজে প্রবেশ করা দুটি জাহাজ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরানের মূল ভূখণ্ডের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে তাদের বাহিনী। এর জবাবে ইরানও প্রণালির পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণ চালায়। ইরানের দাবি, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তিনটি নৌ-ডেস্ট্রয়ারের ওপর ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌকার হামলার জবাবে তারা এই আক্রমণ চালিয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি দাবি করেছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এর জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) ওয়াশিংটনে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের সংস্কার কাজ পরিদর্শনকালে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (ইরান) আমাদের সঙ্গে হালকা খেলা খেলেছে, আর আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’

 

 

ইরানি সামরিক মুখপাত্র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো হামলার জবাবে তারা বিন্দুমাত্র দ্বিধা ছাড়া পাল্টা আঘাত করবে। তবে কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, উপকূলীয় শহর ও দ্বীপগুলোর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

 

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মাঝেমধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত সোমবারও যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বেশ কিছু ছোট নৌকা ও ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। বর্তমানে ওয়াশিংটন তাদের দেওয়া একটি প্রস্তাবের ওপর তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এই প্রস্তাবের ইতিবাচক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান।