থম স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজ এলাকা ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে বিয়ে করেন তিনি। এটি তার দ্বিতীয় বিয়ে।
বিয়ের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তার হোয়াটসঅ্যাপে হেফাজত মহাসচিবের বিয়ের বিষয়টি জানতে চেয়ে বার্তা পাঠালে তিনি বলেন, ‘হ্যাঁ।’
আল্লামা সাজিদুর রহমানের বিয়ের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার ছেলে তারেক রহমান। তিনি লিখেছেন, ‘আম্মুর মৃত্যুর পর, এই বয়সে আব্বুর অসুস্থ ও কর্মব্যস্ত জীবনে একজন একান্ত সঙ্গী ও ব্যক্তিগত সহযোগী থাকা আমাদের কাছে আবশ্যক মনে হয়েছে। তাই আমাদের সকল ভাই-বোনদের পরামর্শে ও ইচ্ছায়, আব্বু বিয়েতে রাজি হোন।’
তারেক রহমান জানান, বিয়েতে ব্রাক্ষ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নববধূ ব্রাক্ষ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে।
আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
সাজিদুর রহমান দেশখ্যাত বিশিষ্ট আলেম। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাক্ষ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শায়খুল হাদিস।