Image description

সারাদেশে উন্নত জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করা এবং এর রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর এই নীতিমালায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে জানানো হয়, এখন থেকে যেকোনো ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবেশ রক্ষা ও পানি দূষণ রোধে প্রতিটি টয়লেটে সেপটিক ট্যাংক নির্মাণ আবশ্যক করা হয়েছে, যাতে বর্জ্য কোনোভাবেই নদী, খাল বা জলাশয়ে পতিত না হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

মন্ত্রিসভা সূত্রে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে দেশের সড়ক ও মহাসড়কগুলোর উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। এই নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে সুনির্দিষ্ট এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।