Image description

কালবৈশাখীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টা ১০ মিনিট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার পর থেকে নদী অববাহিকায় দমকা ও ঝোড়ো বাতাস শুরু হয়। একপর্যায়ে ঝড়ের তীব্রতা বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তখন সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে।

 

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে। তবে ঝড় শুরু হলে ফেরিগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা আছে।