Image description

মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়া অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে অনৈতিক ও বেআইনিভাবে কিছু অমুক্তিযোদ্ধাকে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যক্তিকে শনাক্ত করে শুধু তালিকা থেকে বাদই দেওয়া হবে না, বরং তারা যে সুবিধা ভোগ করেছেন তার জন্যও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। এতে শাস্তির মাত্রা কিছুটা লাঘব হতে পারে। অন্যথায় সরকারিভাবে শনাক্ত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে মন্ত্রী আশ্বস্ত করেন, প্রকৃত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ভাতা কোনোভাবেই বন্ধ করা হবে না।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সংশোধিত গঠনতন্ত্র ইতোমধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং তা পর্যালোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই কাউন্সিল আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা।

শীর্ষনিউজ