Image description

পটুয়াখালীর সদর উপজেলায় এক ইউপি সদস্য দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার আগে তিনি ফেসবুকে ‘উড়াল দেব আকাশে’ লিখে একটি পোস্ট দেওয়ায় ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে।

নিখোঁজ শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্ত্রী আফিয়া ঝুমুরকে নিয়ে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসা থেকে ব্যক্তিগত কাজের কথা বলে বের হন শহিদুল। সন্ধ্যায় স্ত্রীকে ফোন করে জানান, মায়ের জন্য ওষুধ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং রাতে ফিরে আসবেন। তবে এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের ঘটনায় তার স্ত্রী আফিয়া ঝুমুর পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আফিয়া জানান, তাদের বিয়ে হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলাম ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে গিয়ে নিজের দুটি মোবাইল ফোন চার্জে রেখে বের হন। এর আগে তিনি ফেসবুকে ‘উড়াল দেব আকাশে’ লিখে একটি স্ট্যাটাস দেন।

স্থানীয় মোটরসাইকেলচালক বাবু জানান, তিনি সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদুলকে লোহালিয়া সেতুর কাছে নামিয়ে দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসসহ সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শীর্ষনিউজ