ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছেন কুড়িগ্রামের উলিপুর থেকে আসা বিশ বছর বয়সি এক তরুণী।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের একটি বাড়িতে ওই তরুণী অবস্থান নেন। পরে বাড়ির সদস্যরা ঘরে তালা দিয়ে সরে যান বলে অভিযোগ উঠেছে।
ওই তরুণী জানান, প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে সেলিম (ছদ্মনাম) (২২) নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।
তিনি দাবি করে, বিয়ের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় সংসার করতেন। এর মধ্যে তাকে দুইবার নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন ওই যুবক। পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। গত ১৪ এপ্রিল তার স্বামী বাসা থেকে বের হওয়ার পর থেকে ফোন বন্ধ রয়েছে। এরপর আর কোনো যোগাযোগ করেননি। অনেক খোঁজাখুঁজির পরও স্বামীর সন্ধান না পেয়ে ছোট বোনকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে আসেন তিনি।
তিনি বলেন, ‘আমার উপস্থিতির খবর পেয়ে আমার স্বামীর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে চলে যান। যতক্ষণ পর্যন্ত সে (স্বামী) এসে আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেবে, ততক্ষণ আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।’
এ বিষয়ে জানতে ওই যুবকের পরিবারের সদস্যদের যোগযোগের চেষ্টা করা হয়। তার মায়ের ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে নলছিটিতে আছি। বিষয়টি শুনেছি। এলাকায় গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, ওই তরুণী এক মাস আগে রাতে কোথাও থাকার জায়গা নেই বলে এক শিশুসহ থানায় আশ্রয় নিয়েছিল। সকালে তারা চলে যায়। আজকে শুনেছি সে এসেছে স্বামীর বাড়িতে। খোঁজখবর নেওয়া হবে।
কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, ওই তরুণী আমাকে কল দিয়েছিল। যেহেতু পারিবারিক বিষয়, তাকে আদালতে মামলা করতে বলা হয়েছে।