অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যবহার বেড়েছে ত্রিপল, বস্তা ও নেটজালের। তাই কৃষকদের সুবিধার্থে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে ত্রিপল, বস্তা, নেটজাল ও হাঁস-মুরগি কেনাবেচায় খাজনা মওকুফ করতে ইজারাদারকে নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুল।
এমপির নির্দেশে মধ্যনগর বাজারে ত্রিপল, বস্তা, নেটজাল ও হাঁস-মুরগি কেনাবেচায় খাজনা মওকুফ করেছেন ইজারাদার। এমপির নির্দশনা বাস্তবায়নে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাজারে মাইকিং করেছেন বাজারের ইজারাদার নুরুল হক।
মাইকিংয়ে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় মধ্যনগর বাজারে কম্বল, বস্তা, নেটজাল ও হাঁস-মুরগি কেনাবেচা করলে কোনো প্রকার খাজনা পরিশোধ করতে হবে না।
মধ্যনগর বাজারের ইজারাদার নুরুল হক বলেন, বাজারে এখন ত্রিপল, বস্তা ও নেটজাল বেশি কেনাবেচা হয়। এ ছাড়া অনেকেই হাঁস-মুরগি নিয়ে আসেন। কৃষকদের সুবিধার জন্য এমপি এসব জিনিস থেকে খাজনা আদায় না করতে অনুরোধ করেছেন। তাই সকলের সুবিধার্থে ও সবাইকে জানানোর জন্য বাজারে মাইকিং করিয়েছি।
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেন, হাওরপাড়ের কৃষকরা এখন দুর্যোগকালীন সময় পার করছেন। তাই কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ ক্রয়-বিক্রয়ে খাজনা আদায় না করতে বাজারের ইদজারাদারকে অনুরোধ করেছি। ইজারাদার মাইকিং করে বিষয়টি প্রচার করেছেন।