Image description

বগুড়ায় শিক্ষার্থীদের অপমানজনক শাস্তি দেওয়ার ঘটনায় অবশেষে শাস্তির মুখে পড়লেন এক প্রধান শিক্ষিকা। জেলার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহানারাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিভাগীয় উপপরিচালক তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরদিন বিকেলে প্রধান শিক্ষিকা তিন শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নেন। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে তাদের বেত্রাঘাত করেন। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং ‘আমি আম চোর’ লেখা কাগজ ঝুলিয়ে স্কুলের মাঠ ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান।

এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষক সহযোগিতা করেছেন বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের চাপের মুখে প্রধান শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছে ক্ষমা চান। তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। অভিভাবকরা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যার পরিপ্রেক্ষিতেই প্রশাসন এ ব্যবস্থা নেয়।

শীর্ষনিউজ