চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের এমপি এনামূল হক এনাম বলেছেন, ‘আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো বিএনপি নেতাকর্মীর যোগসাজশ পাওয়া যায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। পটিয়ায় নিষিদ্ধ সংগঠন মিছিল, মিটিং করবে সেটা সহ্য করা হবে না। তাদের ঘর থেকে বের করে ধরে আনা হবে।’
বুধবার (৬ মে) রাতে নিজের বাসভবনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, ‘পটিয়ায় প্রশাসনে এখনো ঘাপটি মেরে আওয়ামী লীগের লোকজন বসে আছে। আমরা তাদের চিহ্নিত করছি। যারা আওয়ামী লীগের দালালি করে, তাদের হয়ে কাজ করছেন তাদের প্রত্যেককেই চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সাবধান করে দিচ্ছি, পটিয়ায় থাকবেন তো থাকেন। আমাদের খোঁচাবেন না, খোঁচালেই কিন্তু বিপদ হবে।’
তিনি বলেন, ‘পটিয়ায় উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত করা হবে। রাতারাতি আমার একার পক্ষে সম্ভব নয়।
এমপি এনাম আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ শুরু করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং জনগণকেও সচেতন থাকতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম জসীম উদ্দীনসহ প্রমুখ।