Image description

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাশে থেকে মো. রবিন মিয়া (২৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

নিহত রবিন মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন বায়রা গ্রামের বাসিন্দা এবং মো. বাদল মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে চাকরির ভাইভা দিতে ত্রিশালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

বুধবার সকালে কেওয়াটখালী বাজার এলাকায় রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা বাদল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বুধবার দুপুরে রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।