Image description

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই নয়ন ফকির বড় ভাই হুমায়ুন ফকিরের হাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইতালিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। তারা উভয়েই পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে। পরবর্তীতে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। তিনি প্রথমে লিবিয়া যান এবং পরে সেখান থেকে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, হুমায়ুন ফকিরের দুইটি বিয়ে ছিল এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ বিষয়টি নিয়ে ছোট ভাই নয়ন ফকির তাকে বিরত থাকতে বলায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার দিকে গড়ায়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমাদের অবগত করা হয়েছে।”

শীর্ষনিউজ