জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) কর্তৃক ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ হিসেবে মনোনীত হয়েছেন। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মুনিয়া ইসলাম মজুমদারের এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। তার নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এ ধরনের অর্জন আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
এ ছাড়া উপাচার্য মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, বর্তমানে মুনিয়া ইসলাম মজুমদার ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।