Image description

সরকারের ২৩টি শীর্ষ প্রতিষ্ঠানের কাছে প্রায় ১৩৮ কোটি টাকার বেশি রাজস্ব বকেয়া রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। যা বছরের পর বছর ধরে আদায়ে ব্যর্থ হচ্ছে ডিএসসিসি। চ্যানেল 24 অনুসন্ধানে উঠে এসেছে সেসব প্রতিষ্ঠানের নাম। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও পাওনা আছে ৭০ কোটি টাকা।

 

পুরান ঢাকার ব্যবসায়ী এরশাদ উল্লাহ নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হাজির হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এ সময় তিনি চ্যানেল 24 কে জানান, গত তিন বছর সময়মতো ফি পরিশোধ না করায় তাকে গুনতে হয়েছে চার হাজার টাকার বেশি জরিমানা। এরশাদের মতো এমন বকেয়া তালিকায় রয়েছেন আরও অনেক ছোট ব্যবসায়ী।

তবে শুধু ছোট ব্যবসায়ী নয়, অনুসন্ধানে দেখা যায় আরও বড় চিত্র। রাজস্ব বকেয়ার তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, ডিপিডিসি, রাজউক, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তিতাস গ্যাসসহ মোট ২৩টি প্রতিষ্ঠান।

 

এসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ১৩৮ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি খাতে বকেয়া আরও ৭০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭৯১ কোটি টাকা, যেখানে আগের বছর তা এক হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।

 

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, দক্ষিণ সিটির মোট ৫২টি খাত থেকে রাজস্ব আসে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স থেকে প্রায় ৩০০ কোটি এবং ট্রেড লাইসেন্স থেকে ১১০ কোটি টাকা আদায় হয়েছে। অর্থবছর শেষ হতে এখনও বাকি আছে দুই মাস।

 

বকেয়া রাজস্ব আদায়ে এবার কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, নিয়মিত কর প্রদানে নাগরিকদের উৎসাহ এবং চলমান অভিযানের ফলে চলতি বছর রাজস্ব আদায়ে নতুন মাইলফলক স্পর্শের আশা ডিএসসিসির।