ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী পারাপার সীমিত করায় বেনাপোল স্থলবন্দরে মঙ্গলবার (২৮ এপ্রিল) কোনও বাংলাদেশি যাত্রী ভারতে যেতে পারেননি। তবে ভারত থেকে ২০১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
একই দিনে বাংলাদেশে অবস্থানরত ২১৯ জন ভারতীয় পাসপোর্টধারী নিজ দেশে ফিরে গেছেন।
এদিকে সীমিত আকারে আমদানি কার্যক্রম চললেও এদিন ভারত থেকে মাত্র ১২টি পচনশীল পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৭টি ফল এবং ৫টি মাছবাহী ট্রাক রয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, শুধুমাত্র অ্যাম্বুলেন্সে আসা মুমূর্ষ রোগীদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যেতে পারেননি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞার বিষয়টি না জানায় অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার সকালেও তিন শতাধিক বাংলাদেশি যাত্রী ভারতে যেতে না পেরে ফিরে গেছেন। কেউ আবাসিক হোটেলে অবস্থান করছেন, আবার কেউ নিজ এলাকায় ফিরে গেছেন।
জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ২৯ এপ্রিল ভোটগ্রহণকে কেন্দ্র করে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। এ সময়ে মানুষ ও যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তবে জরুরি চিকিৎসা, ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সীমান্ত বন্ধের ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, এতে আমদানি-রফতানি কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে এবং পণ্য খালাসে বিলম্ব হতে পারে।
ওসি শাখাওয়াত হোসেন বলেন, বিশেষ অনুমোদন সাপেক্ষে সীমিত পরিসরে যাত্রী পারাপারের সুযোগ রাখা হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।