Image description

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে অংশ নিতে পারবেন না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সমর্থক আইনজীবীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সরকারের জারি করা ২০২৫ সালের গেজেট এবং ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী তারা নির্বাচনে অযোগ্য।

এর আগে গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) একই সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা।