Image description

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনা করে আটক হয়েছেন এক কলেজছাত্র। ওই কলেজছাত্রের নাম নিশাত ইসলাম (১৬)।

শুক্রবার মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

 

নিশাত ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। তিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঞ্জাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে।

পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

পরে শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আটক কলেজছাত্রের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।