Image description

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রেপ্তার কলেজছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আজ বিকেলে তাকে আদালতে তোলার কথা রয়েছে।

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার নিশাত ইসলাম (১৬) ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। তিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিশাত ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর কথা লেখেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে।

এদিকে পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় পঞ্চগড়ের দেবীগঞ্জে শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে ওই কলেজছাত্রকে আটক করে দেবীগঞ্জ থানা-পুলিশ।