যুক্তরাষ্ট্রে মারা যাওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত বর্ণনা ভৌমিক। তিনি লিখেছেন, সুন্দর কাটানো সময়গুলো এভাবে টুকরা টুকরা হয়ে মেক্সিকো উপসাগরে ভেসে যাবে ভাবিনি।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গত ৯ দিন কী গেছে বলতে পারবো না। বৃষ্টি ছিল আমেরিকায় আসার পর প্রথম বন্ধু। এডমিশন হওয়ার পর বাংলাদেশ থেকেই প্রতিদিনই কথা হতো। ট্যম্পায় আসার পর কাউকে চিনতাম না। সারা দিন ঘুরে বেড়াতাম বৃষ্টি আর নিশাতের সঙ্গে। ফোন ভর্তি বৃষ্টির ছবি। ফেসবুকে ঢুকলেও টুকরা করার সংবাদ। জামিলের সঙ্গে অল্প কথা হলেও খুব ইনোসেন্ট একটা ছেলে। কী অসম্ভব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি বোঝানো যাবে না।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। গত ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত দুই জন বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নাহিদা বৃষ্টির পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন।