Image description
বৃষ্টি হতে পারে আজ

এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা তাপপ্রবাহ এখনো অব্যাহত। গতকালও দেশের ২১ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কমেছে। আজ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন জেলায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কমতে পারে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীদুল ইসলাম জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল খুলনা বিভাগের সব জেলা এবং ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বান্দরবান, রাঙামাটি, পটুয়াখালী লক্ষ্মীপুর ও ফেনীতে তাপপ্রবাহ ছিল।

চলতি মাসের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। পরে অবশ্য ঝড়বৃষ্টির কারণে তা কমে আসে।

তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আবার তাপপ্রবাহ শুরু হয়। গত বুধবার চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।