Image description

এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকসহ পাঁচটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাবেক কর্মীরা। রোববার সকাল ১০টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলম গ্রুপের হাতে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাবেক ব্যাংক কর্মকর্তাদের বেশিরভাগের গ্রামের বাড়িই চট্রগ্রামে সাতকানিয়ার পটিয়া এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদও একই এলাকার।  সূত্র জানায়, ব্যাংক রেজুলেশনে আগের মালিকদের ফেরার সুযোগ দিয়ে আইন পাস হওয়ার পর চাকরিচ্যুত কর্মীরা সক্রিয় হন। গত দুই দিন ধরে পটিয়া থেকে লোক এনে ঢাকায় অবস্থান করানো হয়। শনিবার কয়েক হাজার মানুষ ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করেন।

রোববার সকাল থেকে বিক্ষোভকারীরা মতিঝিলের ব্যাংকপাড়া ও সচিবালয় এলাকার আশপাশে জড়ো হন। তারা অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং দ্রুত পুনর্বহাল চান। একই সঙ্গে ৫ আগস্টের আগের মালিকদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার দাবিও জানান।

দাবি পূরণ না হলে আগামী ১৫ দিনের মধ্যে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তারা কর্মসূচি শেষ করেন।

অন্যদিকে সংশ্লিষ্ট ব্যাংক সূত্র জানায়, হঠাৎ করে কাউকে চাকরিচ্যুত করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে প্রথমে সনদ যাচাই এবং পরে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। যারা পরীক্ষায় অংশ নেননি বা যাদের সনদে জালিয়াতি পাওয়া গেছে, শুধু তাদেরই চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের ফেরানোর সুযোগ নেই।

সূত্রগুলো আরও জানায়, এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপের নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করার তথ্য-প্রমাণ বাংলাদেশ ব্যাংক পেয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে। আমানত ফেরতের সংকট থাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।