Image description

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সাবেক প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত শেষ বৈঠকের একটি ছবি শেয়ার করে সংগঠনটিকে বিদায় জানিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিদায়ের কথা জানান।

পোস্টে রাফে সালমান রিফাত লেখেন, সম্ভবত এটিই ছিল ইউপি বাংলাদেশে তার শেষ বৈঠক। প্রায় এক বছরের দীর্ঘ যাত্রায় সংগঠনটির সঙ্গে যুক্ত থেকে তিনি অর্জন করেছেন নানা অভিজ্ঞতা—যেখানে ছিল উত্থান-পতন, সংগ্রাম এবং আত্মবিশ্লেষণের মুহূর্ত। তিনি উল্লেখ করেন, বিশেষ করে জুলাইকে কেন্দ্র করে দেশের কল্যাণে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, এখন আবারও তারা ঐক্যের পথে এগিয়ে যাচ্ছেন এবং সামনে একটি নতুন যাত্রার সূচনা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী জাতি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিদায়ী বার্তায় রাফে সালমান রিফাত ‘আপ বাংলাদেশ’-এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। একইসঙ্গে এনসিপি আরও শক্তিশালী হয়ে উঠুক—এমন প্রার্থনা জানিয়ে তিনি নতুন পথচলার জন্য শুভকামনা জানান।