রাজশাহী জেলায় জ্বালানি তেল সংগ্রহ ও বণ্টন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে, এখন থেকে ‘Fuel Management’ নামক মোবাইল অ্যাপ ছাড়া জেলার কোনো পাম্প থেকেই আর জ্বালানি তেল পাওয়া যাবে না।
আজ রোববার (১২ এপ্রিল) থেকে জেলাজুড়ে এই নতুন ডিজিটাল সিস্টেম কার্যকর হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং ব্যবস্থাপনার মান উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী মঙ্গলবার সকাল ৯টায় নগরীর কুমারপাড়া এলাকার গুল গোফুর পেট্রোলিয়ামের পাম্পে।
শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং অ্যাপভিত্তিক সেবা চালু সংক্রান্ত আলোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন এই নিয়মে তেল সংগ্রহের প্রক্রিয়াটি হবে অত্যন্ত আধুনিক ও সহজ। ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্ট ম্যান রা তাদের কাছে থাকা অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন।
তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এই ডিজিটাল সেবা গ্রহণের জন্য তাদের ব্যক্তিগতভাবে আলাদা কোনো রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না। সরাসরি পাম্পে গিয়েই তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদ্ধতির ফলে জ্বালানি খাতের স্বচ্ছতা ও জবাবদিহি আরও বৃদ্ধি পাবে।