বিসিবি নির্বাচন ও নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সরব হয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বিসিবির সংবিধান ও সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই।’
নিজের বক্তব্যে তিনি তীব্র সুরে প্রশ্ন তোলেন, ‘শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’
এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিসিবির আগের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই কমিটি তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।
তবে আসিফ মাহমুদের এই প্রতিক্রিয়ার পর বিসিবি ইস্যুতে বিতর্ক আরও জোরালো হলো।