আগামী দুই-চার বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তারেক রহমান বলেন, আজ যে মাসে পাঁচ হাজার টাকা আয় করে, আমরা চাই তার আয় আগামী দুই-চার বছরের মধ্যে যাতে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছায়। যে ২ হাজার টাকা আয় করে, এমন পদক্ষেপ নিতে যে তার ইনকাম ডবল হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য। এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি। এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি ও সরকারের রাজনীতি।
তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি, এই দলের কাজ হচ্ছে, এমন কাজ করা, যা মানুষের উপকার হবে এবং মানুষ খুশি হবে। আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে এবং সে কারণেই আজ আমরা এখানে একত্র হয়েছি, আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি আমরা খনন করতে যাচ্ছি।
প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খাল খনন করলে কী ফলাফল হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবেন। প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে, সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। শুধু তা-ই নয়, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে, তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে।
খাল খনন কেন জরুরি, তা জানিয়ে তিনি বলেন, দেশে যে খালগুলো আগে ছিল, প্রায় সব খাল ভরাট হয়ে গিয়েছে। আমি আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদী পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। ছোট ছোট কালভার্ট-ব্রিজ যখন পার হয়ে এলাম, দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকায় খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিরাট একটা দেশ। এই দেশে ২০ কোটি মানুষ বাস করে। এই মানুষগুলোর জন্য খাবারদাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদের এই দেশেই উৎপাদন করতে হবে।