Image description

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে ১৯ নভেম্বর রায় দিয়েছেন। সেই রায় নিয়ে এবং বাংলাদেশ ও রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।

 

আইসিজের রায় রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে একটি আইনি ভিত্তি দিয়েছে, স্ট্রিমকে বলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।

 

আন্তর্জাতিক বিচার আদালত ১৯ নভেম্বর রায় দিয়েছেন যে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের নিজস্ব বাস্তবায়ন কাঠামো নেই, এ কথা উল্লেখ করে সিদ্দিকী বলেন, অ্যাডহক পদক্ষেপের বদলে ঢাকাকে এই রায়ের সঙ্গে একটি কাঠামোগত ও দীর্ঘমেয়াদি নীতিকাঠামো যুক্ত করতে হবে।

 

স্ট্রিম: সাধারণ বিচারিক আদালত থেকে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কাঠামোগত পার্থক্য কী এবং এটি মিয়ানমারের বাইরে কীভাবে কার্যকর হয়?

 

বুলবুল সিদ্দিকী: প্রথম বিষয় হলো, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস কোনো ফৌজদারি আদালত নয়। এটি একটি আন্তর্জাতিক আদালত, যেখানে রাষ্ট্রের দায় বিবেচনা করা হয়। মিয়ানমারের রোহিঙ্গাদের প্রেক্ষাপটে এখানে কোনো ব্যক্তিকে হত্যাসহ অন্যান্য অপরাধে বিচারের মুখোমুখি করা হচ্ছে না। রাষ্ট্রের দায়ের বিষয়টি দেখা হচ্ছে।

 

এই রায় ঐতিহাসিক তাৎপর্য বহন করে। কারণ আমার জানামতে, এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা বা গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য দায়ী করা হলো। এখন প্রশ্ন হলো, মিয়ানমারের বিরুদ্ধে আসা রায় কীভাবে কার্যকর হয়, যেহেতু এটি মিয়ানমারের অভ্যন্তরীণ এখতিয়ারের বাইরে।

 

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইসিজের নিজস্ব কোনো এনফোর্সমেন্ট সংস্থা নেই। অভ্যন্তরীণ আদালতে কাউকে দোষী সাব্যস্ত করা হলে রাষ্ট্রযন্ত্র সাজা কার্যকর করে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করে। মিয়ানমার যদি বাস্তবায়ন নাও করে বা সময় নেয়, অন্তত একটা চাপ তৈরি করবে।

 

এ ক্ষেত্রে বাংলাদেশেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ যেহেতু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাই আইনি অবস্থানের কারণে বৈশ্বিক পরিসরে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে দেশটির শক্ত কণ্ঠস্বর রয়েছে। আইসিজে আইনি দায় নির্ধারণ করলেও বাস্তবায়ন নির্ভর করে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপের ওপর।

 

স্ট্রিম: আন্তর্জাতিক আদালতগুলোর সীমাবদ্ধতা এবং বৈশ্বিক রাজনীতির চাপের প্রেক্ষাপটে এসব রায়ের ক্ষমতা ও প্রভাবের পরিধি আসলে কতটুকু?

 

বুলবুল সিদ্দিকী: শুরুতেই যেমন বলেছি, আদালতের রায় নিজে কার্যকর করার কোনো এনফোর্সমেন্ট ব্যবস্থা নেই। তবে এর আইনি পরিধি কূটনৈতিক চাপ, নৈতিক জবাবদিহি এবং আইনি স্বীকৃতি তৈরি করে।

 

শক্তিশালী রাষ্ট্রগুলো যখন এ ধরনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে, তখন বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ও ভূরাজনৈতিক স্বার্থ ফলাফল নির্ধারণ করে, যা দেখায় যে ক্ষমতার রাজনীতি এখনো বড় ভূমিকা রাখে।

 

রোহিঙ্গা সংকটে আমাদের একটি কাঠামোগত ও দীর্ঘমেয়াদি নীতি এবং সমন্বয় কাঠামো থাকা জরুরি, যাতে আমরা গতি না হারাই এবং কূটনৈতিক সুযোগ হাতছাড়া না করি।ড. বুলবুল সিদ্দিকী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

 

তবু গণহত্যা বা গণহত্যামূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনি সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করে। ভবিষ্যতে অন্য কোনো সংঘাত বা আঞ্চলিক সংকটে আইনজীবী ও রাষ্ট্রগুলো এই নজির উল্লেখ করে নৃশংসতার সংজ্ঞা নির্ধারণ ও মোকাবিলা করতে পারে। সে কারণেই এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।

 

স্ট্রিম: বাংলাদেশের প্রেক্ষাপটে এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসন ও ঢাকার অবস্থানে কী প্রভাব ফেলতে পারে বলে মনে করেন?

 

বুলবুল সিদ্দিকী: বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংকট সমাধানে এটি কতটা কাজে লাগবে, তা নির্ভর করবে বাংলাদেশ সুযোগটি কীভাবে ব্যবহার করে তার ওপর।

 

আইনি দিক থেকে বাংলাদেশ এখন কূটনৈতিক ও বহুপাক্ষিক পরিসরে নিজের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে পারে। জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি প্রাসঙ্গিক সব ফোরামে, এমনকি নিরাপত্তা পরিষদেও বিষয়টি দৃঢ়ভাবে তোলার সুযোগ রয়েছে।

 

প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, স্বেচ্ছায় ফেরা, মর্যাদা, নাগরিকত্বের অধিকার এবং ক্ষতিপূরণ বা পূর্বাবস্থা পুনরুদ্ধারের মতো বিষয়গুলো যুক্ত থাকে। একটি সুস্পষ্ট আইনি কাঠামো থাকলে আলোচনায় এসব বিষয়কে আলগা কথা হিসেবে না রেখে দৃঢ়ভাবে উপস্থাপন করা যায়।

 

ঐতিহাসিকভাবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদ্ধতি অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক কাঠামোর বদলে অ্যাডহক ছিল। ২০১৭ সাল ও তার আগে থেকে আমরা সংকটের বিভিন্ন পর্যায়ে সাড়া দিয়েছি, কিন্তু আমাদের কোনো টেকসই বহুবছরের রোডম্যাপ ছিল না।

 

রোহিঙ্গা সংকটে আমাদের একটি কাঠামোগত ও দীর্ঘমেয়াদি নীতি এবং সমন্বয় কাঠামো থাকা জরুরি, যাতে আমরা গতি না হারাই এবং কূটনৈতিক সুযোগ হাতছাড়া না করি। মিয়ানমার প্রায়ই অস্বীকার ও কালক্ষেপণের কৌশল নেয়, অন্যদিকে ইউএনএইচসিআরের হিসাব এবং ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের সংখ্যা সংকটের গভীরতা তুলে ধরে।

 

বাংলাদেশকে স্পষ্ট ও নীতিগত অবস্থানে থাকতে হবে, মৌলিক অধিকারের প্রশ্ন বিস্মৃত না হয়ে কূটনৈতিকভাবে এগোতে হবে এবং এমন পথ এড়াতে হবে, যা নিজের অবস্থানকে দুর্বল করতে পারে।